যমুনা সেতু পূর্বে র্যাবের অভিযান, ৭০ বোতল ফায়ারডিল উদ্ধার
- আপডেট সময় : ০৪:০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে র্যাবের মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল নেশাজাতীয় ‘ফায়ারডিল’সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন জয়পুরহাট জেলার বাসিন্দা মোঃ আব্দুর রহিম (৬৩)।
র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ জুন) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে যমুনা সেতু পূর্ব থানার গোলচত্বর এলাকায় যমুনা-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এস.আই এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা আব্দুর রহিমকে আটক করা হয়।
পরে সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তিনি তার হেফাজতে অবৈধ মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী একটি বাঁশের ঝুড়ির ভেতর থেকে ৭০ বোতল নেশাজাতীয় মাদক ‘ফায়ারডিল’ উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আব্দুর রহিম দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফায়ারডিল সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।


















