চকরিয়ার মধুশিয়া গর্জনবন রক্ষার দাবিতে মধুপুরে তরুণদের প্রতিবাদ
- আপডেট সময় : ১০:৫৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া উপজেলার মধুশিয়া সংরক্ষিত গর্জনবনের ভেতর দিয়ে সড়ক নির্মাণের উদ্যোগের প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন একদল কিশোর-তরুণ পরিবেশকর্মী।
সোমবার (২৯ জুন) বিকেলে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানসংবলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে বন ধ্বংস বন্ধ এবং গর্জনবন রক্ষার দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মধুশিয়া গর্জনবনের ভেতর দিয়ে সড়ক নির্মাণ করা হলে বনের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে। বিশেষ করে বন্য হাতির চলাচলের পথ বাধাগ্রস্ত হবে, ফলে মানুষ-হাতির সংঘাত আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারা বলেন, উন্নয়ন অবশ্যই প্রয়োজন, তবে তা পরিবেশ ও বন ধ্বংসের বিনিময়ে হতে পারে না।
ফলদ বাংলাদেশ-এর সদস্য ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট রাতুল মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন পরিবেশ সচেতন তরুণ অসীম নন্দন, সাইফুল্লাহ ও কৃষি উদ্যোক্তা জারিফ। এ সময় উপস্থিত ছিলেন সুবীর, কৃষ্ণ, অনুপম, অন্তিম সিংহসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পরিবেশ সচেতন তরুণরা।
বক্তারা বলেন, দেশের অন্যতম প্রাচীন গর্জনবন ও বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হতে হবে। বন বিভাগের প্রয়োজনীয় অনুমতি ছাড়া বনভূমির ভেতরে কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন না করারও আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বলেন, দেশের বিভিন্ন স্থানের মতো মধুপুরেও তারা এই কর্মসূচির মাধ্যমে বন ও পরিবেশ রক্ষার দাবিতে সংহতি প্রকাশ করেছেন। ভবিষ্যতেও পরিবেশবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।
















