এক সকালে সামান্য সময়ের ব্যবধান
মধুপুরে দুই নারীর স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুই দুর্বৃত্ত
- আপডেট সময় : ০৯:৫৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর পৌর এলাকার এক কি মি. দুরত্বে ও ১৫/২০ মিনিটের ব্যবধানে পৃথক স্থানে বৃদ্ধাসহ দুই নারীর স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত।
পুন্ডুরা গ্রামে বাড়ির সামন থেকে লায়লা বেগম (বৃদ্ধা) নামে এক নারীর দুই কান ছিঁড়ে স্বর্ণের দুল আর টাঙ্গাইল – জামালপুর সড়কের মধুপুর পৌর শহরের টুনিয়াবাড়ী মোড় থেকে দিলারা পারভীন রিতার কানের দুল, গলার চেইন ছিনতাই হয়েছে।
শনিবার ভোর ৬ টার দিকে পুন্ডুরা গ্রামের মন্ডল বাড়ির সামনে বাড়ির গেটের কাছেই বৃদ্ধা লায়লার কানের দুল এবং সোয়া ছয়টার দিকে বাসার কাছেই টুনিয়াবাড়ীর মোড়ে স্বাস্থ্য বিভাগে কর্মরত দিলারা পারভীন রিতার স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনা ঘটে।
লায়লা বেগম পুন্ডুরা গ্রামের প্রয়াত আব্দুর রহিম মন্ডলের স্ত্রী। তাঁর ছেলে আতিকুর রহমান মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন। টুনিয়াবাড়ী গ্রামের বাসিন্দা প্রয়াত একেএম ফজলুল হকের স্ত্রী স্বাস্থ্যকর্মী রিতা থানায় ঘটনার বিষয়ে অভিযোগ দিয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, ভোরে লায়লা বেগম বাড়ির গেটের বাইরে সামনের অংশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পাকা সড়ক দিয়ে দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে যাওয়ার সময় তাঁর কানে থাকা স্বর্ণের দুল মুহূর্তের মধো ছিনিয়ে নেয়।
দুর্বৃত্তরা এক কানের দুল সহজে খুলে নিতে পারলেও অপর কানের দুল ছিনিয়ে নেওয়ার সময় তাঁর কান ছিঁড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত হন। দুল নিয়ে দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। অনেকে ঘুমে থাকায় তাঁর চিৎকারে কেউএগিয়ে আসার আগে দুর্বৃত্তরা সহজে পালাতে পারে।
পরিবারের সদস্যরা আহত লায়লা বেগমকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানোর পর বাড়িতে নিয়ে আসেন।
অপরদিকে হাঁটতে বের হওয়া রীতাকে টুনিয়াবাড়ী মোড়ে একা ও নির্জন পেয়ে তার গলার চেইন, কানের দুল নিয়ে গেছে হেলমেট ও ক্যাপ পড়া মোটরসাইকেল আরোহী। এ সময় তার সাথে ধস্তাধস্তি হয়। কিন্তু চিৎকার করলেও মুহূর্তের মধ্যেই ছিনতাই করে জামালপুর সড়ক ধরে পালিয়ে যায়। রিতা জানান, তার গলায় ১৪ আনি ওজনের চেইন, ৩ আনি ওজনের কানের দুল ছিল।
ঘটনার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক জানান, পুন্ডুরার ঘটনার বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। টুনিয়াবাড়ী মোড়ের ঘটনায় দিলারা পারভীন রিতা অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে তদন্ত ও আইনগত পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি।

















