দুই দিনের সফর
মন্ত্রী হয়ে স্বপন ফকির প্রথম মধুপুর ধনবাড়ী আসছেন আজ শুক্রবার
- আপডেট সময় : ১১:০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফকির মাহবুব আনাম স্বপন প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রী সভায় স্থান পেয়েছেন। এমপি হয়েই মন্ত্রী, তাও পূর্ণমন্ত্রী। পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ও। অর্থাৎ টাঙ্গাইল -১ আসনের নব নির্বাচিত এমপি ফকির মাহবুব আনাম স্বপন একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। গুরুত্বপূর্ণ সংসদীয় এ আসনে আরও একটি গুরুত্বের জাতীয় স্বীকৃতি মনে করেন স্থানীয়রা।
বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের নির্বাচনের পূর্বাপর তার মন্ত্রীত্ব প্রত্যাশা করে বক্তৃতা আলোচনায় অংশ নিতে দেখা গেছে। প্রত্যাশা পূরণ হওয়ায় এলাকায় আনন্দ উচ্ছ্বাসের যেন শেষ নেই।
এই বহমান উচ্ছ্বাসের মধ্যে ২৭ ফেব্রুয়ারি শুক্রবার মন্ত্রী হিসেবে স্বপন ফকির প্রথমবারের মতো মধুপুর ধনবাড়ীতে আসছেন সরকারি সফরে। টাঙ্গাইল জেলা পর্যায়ের কর্মসূচি শেষে মধুপুরে এসে বাসস্ট্যান্ড মসজিদে জুমার নামাজ আদায় করার কথা।পরে সন্ধ্যায় আউশনারা তার খামার বাড়িতে নেতাকর্মী সমর্থকদের নিয়ে ইফতার করবেন। পরের দিন শনিবার সকালে বহুল প্রত্যাশিত মধুপুর পৌর শহরের ৫ নং ওয়ার্ডের সাথী- টেকী সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করবেন। এরপর মধুপুর ও ধনবাড়ী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে পৃথক বৈঠক করবেন। ধনবাড়ী উপজেলা নেতাকর্মীদের সাথে ইফতার বৈঠক ও আলোচনা করে রাতেই ঢাকায় ফিরবেন মন্ত্রী।
উল্লেখ্য , দীর্ঘ ২৫ বছরের রাজনৈতিক সংগ্রামের পর আসনটি পুনরুদ্ধার করায় ফকির মাহবুব আনাম স্বপনকে মন্ত্রীত্ব দেওয়ার দাবি স্থানীয়ভাবে জোরালো ছিল। মন্ত্রীত্ব পাওয়ায় অনেকে মনে করেন, এ অঞ্চলের জন্য মন্ত্রী প্রাপ্তির ধারাবাহিকতা রক্ষা পেল। তাদের ভাষ্য, ফকির মাহবুব আনাম স্বপনের মন্ত্রীত্ব প্রাপ্তি যথোপযুক্ত এবং আমাদের জন্য গৌরবের।
তার মন্ত্রীত্বে এলাকায় আনন্দ-উচ্ছ্বাসের ধারা অব্যাহত । নেতাকর্মী ও সাধারণ ভোটাররা এখন নতুন স্বপন ফকিরের অপেক্ষা করছিলেন, কবে এলাকায় আসছেন তিনি। অবশেষে আজ আসছেন।
তারা জানান, দীর্ঘ রাজনৈতিক অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে মন্ত্রীত্ব দিয়ে মধুপুর-ধনবাড়ীর উন্নয়নে গতিশীল ভূমিকা রাখার সুযোগ করে দিয়েছে।
স্থানীয়রা বলছেন, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে এ আসন থেকে একাধিক মন্ত্রী দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালের ওই নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচিত এমপি আবুল হাসান চৌধুরী কায়সার আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হন। ২০০৯ সালে গঠিত আওয়ামী লীগ সরকারে ড. আব্দুর রাজ্জাক খাদ্য এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরবর্তীতে ২০১৮ সালে একই সরকারের কৃষিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ২০২৪ সালে দ্বাদশ সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত শামসুন্নাহার চাপা পেয়েছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব। আর ওইসব মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের সরকারের। বিএনপির সরকারে মন্ত্রীত্ব পাননি এ আসনের কোনো এমপি। প্রথম এমপি হয়ে এবারই প্রথম বিএনপি সরকারে মন্ত্রিত্ব পেলেন স্বপন ফকির।
খোঁজ নিয়ে জানা গেছে,১৯৭৯ সালে বিএনপির প্রার্থী ধনবাড়ীর নবাব পরিবারের নবাবজাদা হাসান আলী চৌধুরী এমপি নির্বাচিত হয়ে এমপি থাকা অবস্থায় মারা যান। পরে উপ নির্বাচনে তার মেয়ে আশিকা আকবর এমপি হন। ওই নির্বাচনের পর দীর্ঘ সময় এ আসনে বিএনপি জয় পায়নি। বিশেষ করে এ আসন থেকে বিএনপির তৎকালীন মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদার ১৯৯৬ সালের ৭ম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে পরাজিত হন। তাকে পরাজিত করে এমপি হয়ে মন্ত্রী হন আবুল হাসান চৌধুরী। তবে একই বছরের আলোচিত ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি এ আসনে এমপি হয়ে ছিলেন। এ হিসাব ছাড়া গত সাড়ে চার দশক পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে জয় এনে দিলেন ফকির মাহবুব আনাম স্বপন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন । নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী পেয়েছেন ৯৩ হাজারের মতো ভোট।
স্থানীয়দের ভাষ্য, “যে নেতা ধৈর্য্য ও ত্যাগের মাধ্যমে ৪৫ বছর পর আসনটি উদ্ধার করেছেন, তাকে যথাযথ মূল্যায়ন করা হয়েছে। এ জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ।





















