মধুপুরে মোটরসাইকেল নিয়ে বেড়াতে এসে প্রাণ গেল ময়মনসিংহের কিশোরের
- আপডেট সময় : ১০:৪৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

সকাল বেলা মোটরসাইকেল নিয়ে ময়মনসিংহ শহরের বাসা থেকে বের হয়ে বন্ধুকে নিয়ে লক্ষ্যহীন ড্রাইভ শুরু। চলে আসে টাঙ্গাইল রোড হয়ে মধুপুরের দিকে। আবার মধুপুর থেকে ফেরার পালা। কিন্তু টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার বিপ্রবাড়ী এলাকায় বাসের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কায় কিশোর সিয়াদ (১৫) আর বাসায় ফিরতে পারলো না। নিহত হয়েছে ঘটনা স্থলেই। এ ঘটনায় তার বন্ধু মোমিন (১৫) আহত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াদ ময়মনসিংহ শহরের সেনবাড়ী এলাকার বর্তমান বাসিন্দা। তার বাবা শফিকুল ইসলাম ত্রিশাল থানায় কর্মরত পুলিশ সদস্য। গ্রামের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার ধানশাইল।
মোমিন জানিয়েছে, বৃহস্পতিবার রাতে সিয়াদের বাবা কর্মস্থল থেকে মোটরসাইকেল নিয়ে ময়মনসিংহ শহরের বাসায় আসেন।সকালে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ময়মনসিংহ শহরের বাসা থেকে বের হয়ে টাঙ্গাইলের দিকে রওনা দেয়। মধুপুর পার হয়ে ঘাটাইল হয়ে ক্যান্টমেন্ট এলাকা ঘুরে তারা আবার ময়মনসিংহের দিকে ফিরছিল। ফেরার পথে মধুপুর বাসস্ট্যান্ড অতিক্রম করে প্রায় দুই কিলোমিটার দূরে বিপ্রবাড়ী এলাকায় পৌঁছালে হঠাৎ একটি কুকুর মোটরসাইকেলের সামনে চলে আসে।
কুকুরটিকে এড়াতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের আরোহী তারা ছিটকে পড়ে। বাস রাস্তার বা পাশে পড়ে যায়। সিয়াদ ঘটনাস্থলেই মারা যায় সে (মোমিন) গুরুতর আহত হয়।
পরে স্থানীয়র তাদের দুজনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়াদকে মৃত ঘোষণা করেন। আহত মোমিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মধুপুর থানার ওসি একেএম ফজলুল হক জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।















