হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে উৎপাদন কলাকৌশল কর্মশালা
- আপডেট সময় : ০৯:১৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১১২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে উৎপাদন কলাকৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় একটি রেস্ট হাউজে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এ কর্মশালার আয়োজন করে। উচ্চ ফলনশীল বীজ ব্যবহার এবং রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইডের গুরুত্ব, উপকারিতা ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা ছিল কর্মশালার প্রধান লক্ষ্য।
আয়োজকরা জানান, বায়োপেস্টিসাইড ব্যবহারে মাটির উর্বরতা বজায় থাকে, ফসলের গুণগত মান বাড়ে এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। কর্মশালায় ব্র্যাকের উদ্ভাবিত ধান, সবজি, ভুট্টা ও আলুর বীজসহ বিভিন্ন বায়োপেস্টিসাইড নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের রিজিওনাল সেলস ম্যানেজার মো.সেলিম উর রহমান। এছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তা অব্দুর রহিম রাজু, ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের টেরিটোরি সেলস অফিসার নুর মোহাম্মদ, মনিটরিং অফিসার রুবেল মিয়াসহ কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এতে উপস্থিত ছিলেন। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৫০ জন মডেল কৃষক ও রিটেইলার অংশ নেন এবং বায়োপেস্টিসাইডের ব্যবহার ও কার্যকারিতা সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।
শেষে অংশগ্রহণকারী কৃষকদের আমন মৌসুমের জন্য উচ্চ ফলনশীল ব্র্যাক হাইব্রিড ধান-১৮ (রাজা) বীজ প্রদান করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ কৃষকদের পরিবেশবান্ধব কৃষি চর্চায় উৎসাহিত করবে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে।















