মধুপুরে হরিসভা মন্দিরে দানবাক্সের তালা ভেঙে টাকা, অলংকার, তৈজসপত্র চুরি
- আপডেট সময় : ০৬:৩২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার ঐতিহ্যবাহী জলছত্র হরিসভা মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) রাতে মন্দিরের বিভিন্ন কক্ষের তালা ভেঙে স্বর্ণালংকার, রূপা ও পিতল-কাঁসার পূজার সামগ্রী এবং দুটি দানবাক্সের টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে নিয়মিত পূজারি উজ্জ্বল বর্মন মন্দিরে এসে দরজা ও দানবাক্সের তালা ভাঙা দেখতে পান। পরে বিষয়টি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিজয় বর্মনকে জানানো হয়। খবর পেয়ে মন্দির কমিটির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
মন্দিরের সহ-সভাপতি সুদের চন্দ্র কর্মকার জানান, বুধবার রাত ১২টার দিকে পূজা-অর্চনা শেষে মন্দির বন্ধ করে সবাই চলে যান। সকালে এসে দেখা যায়, বিভিন্ন কক্ষের তালা ভাঙা এবং ভেতরে থাকা গয়না ও পূজার সামগ্রী নেই। দুটি দানবাক্সও ভেঙে টাকা নিয়ে গেছে চোরেরা।
মন্দিরের সাধারণ সম্পাদক দেবদাস বর্মন বলেন, রাত ১টার পর কোনো একসময় চুরির ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে চোরেরা মন্দিরে প্রবেশ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মন্দির কর্তৃপক্ষের দাবি, চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় ৯ আনা ওজনের স্বর্ণের টিপ, প্রায় ৬ আনা ওজনের দুটি স্বর্ণের নোলক, স্বর্ণের পাটা, এক জোড়া রূপার নুপুর, পিতলের বিভিন্ন পূজার সামগ্রী, কাঁসার সামগ্রী, কর্তালসহ অন্যান্য মালামাল। এছাড়া দুটি দানবাক্স ভেঙে আনুমানিক ৯০ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মন্দিরের সভাপতি বিজয় বর্মন বলেন, হরিসভার ইতিহাসে এই প্রথম এ ধরনের চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। চুরি যাওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করছে। চুরি যাওয়া মালামালের তালিকা করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।











