মধুপুরে সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় ও গণস্বাক্ষর
- আপডেট সময় : ০৭:৫৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

মাদক, জুয়া, বাল্যবিবাহ ও নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক ব্যাধি প্রতিরোধে টাঙ্গাইলের মধুপুরে গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে গণস্বাক্ষর কর্মসূচিও পালন করা হয়।
রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার অরণখোলা ইউনিয়ন পরিষদের আয়োজনে নিজস্ব কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
অরণখোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম ফজলুল হক, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, জয়নাল আবেদীন খান বাবলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ম্রং, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক ও এসআই আমিনুল ইসলাম, ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এপ্রিল মৃ, উপজেলা যুবদলের সদস্য সচিব সাহাদৎ ফকির প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাদক ও জুয়ার বিস্তার, বাল্যবিবাহ এবং নারী নির্যাতন সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরো বলেন, কিশোর-তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক, শিক্ষক, ইমাম ও কাজীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তারা।য
পরে মাদক, জুয়া, বাল্যবিবাহ, নারী নির্যাতনসহ সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ উপস্থিত সকলেই স্বাক্ষর করে সামাজিক ব্যাধির বিরুদ্ধে অবস্থান জানান।





















