মধুপুরে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু
- আপডেট সময় : ০৭:১৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে বিদ্যুতের লাইন সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের ধলপুর-পলাই আটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম হোসেন জয়নতলী গ্রামের চান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিম হোসেন বিদ্যুতের ওয়ারিংয়ের কাজ করতেন। মঙ্গলবার বিকেলে ধলপুর-পলাই আটা গ্রামে বিদ্যুতের লাইন থেকে সংযোগ দেওয়ার কাজ করার সময় তিনি দুর্ঘটনার শিকার হন।
খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।











