বেলুন ও কবুতর উড়িয়ে উদ্বোধন করলেন মন্ত্রী
ধনবাড়ী উপজেলা প্রতিষ্ঠার ২০তম বার্ষিকীতে আনন্দ র্যালি
- আপডেট সময় : ০৯:১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

কেক কাটা, বেলুন ও কবুতর উড়িয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রতিষ্ঠার ২০তম বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।

উদ্বোধনী আয়োজনে বেলুন উড়িয়ে ও কবুতর অবমুক্ত করেন মন্ত্রী। পরে উপজেলা পরিষদ হলরুমে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপজেলা পরিষদ চত্বরে ‘মাতৃছায়া’ নামে একটি বিশ্রামাগারেরও উদ্বোধন করেন তিনি।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক, পৌর বিএনপির সভাপতি এস এম এ সোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা ধনবাড়ী উপজেলার ২০ বছরের পথচলা, উন্নয়ন, সম্ভাবনা ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন। তারা উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি ধনবাড়ী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেন।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বেলুন, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয় অনুষ্ঠানস্থল।
উল্লেখ্য, দুই দশক আগে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে ধনবাড়ী উপজেলা পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ফকির মাহবুব আনাম স্বপন। ২০ বছর পর সেই উপজেলা পরিষদ চত্বরে তাঁর হাতেই বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিষ্ঠার ২০ বছর পূর্তির বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করা হয়।











