মধুপুরে ভোক্তা অধিকার অভিযানে সেমাই কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৭:২৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে তিনটি সেমাই তৈরির কারখানাকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (৯ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পৌর শহরের চাড়ালজানী, গৌরিপুর ও কাকরাইদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
জানা যায়, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে বিক্রির জন্য বিভিন্ন সেমাই কারখানায় উৎপাদন কার্যক্রম জোরদার হওয়ায় এসব প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানের সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ভেজাল খাদ্যপণ্য উৎপাদন এবং স্বাস্থ্যবিধি না মানার প্রমাণ পাওয়া যায়।
এ সময় কাকরাইদ এলাকার রংধনু ফুড প্রোডাক্টসকে ১০ হাজার টাকা, চাড়ালজানী এলাকার নিতু হাসা’র কারখানাকে ২০ হাজার টাকা এবং গোলাবাড়ি ইউনিয়নের গৌরিপুর এলাকার সালাম ফুড প্রোডাক্টসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে তিনটি প্রতিষ্ঠান থেকে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং ভেজাল খাদ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানের সময় কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মধুপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. লিটন সরকার, টাঙ্গাইল স্যানিটারি ইন্সপেক্টরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।













