নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরীর ৯৭তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে
- আপডেট সময় : ০৮:৪০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও অবিভক্ত বাংলার মুসলিম একমাত্র ও প্রথম মন্ত্রী নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরীর ৯৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নওয়াব আলী চৌধুরী গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি ছিল যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ।
শুক্রবার বেলা ১১ টার দিকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পৌর শহরে আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজ হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সদস্য সচিব ও আছিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারী। মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন ইনস্টিটিউটের মহাপরিচালক ও সাবেক অধ্যক্ষ এম. আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরজাহান আক্তার সাথী। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন অ্যাডভোকেট সোলায়মান হোসেন, অধ্যক্ষ আক্তারুজ্জামান খান, আছিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের সাবেক শিক্ষক নাজিবুল ইসলাম, আব্দুল আজিজ, সাংবাদিক জয়নাল আবেদীন, আনোয়ার সাদাৎ ইমরান, স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান মাসুদ, রফিকুল ইসলাম এবং নুরুল আমিন ফকির।
বক্তারা নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরীর জীবনী, কর্ম ও অবদানের ওপর আলোকপাত করেন এবং সমাজ ও শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মেধাবী শিক্ষার্থী, নিবেদিত ও সাবেক শিক্ষক এবং সমাজসেবকদের সম্মাননা প্রদান করা হয়। শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
















