ESCAP এর ৮২তম অধিবেশন
টেকসই ভবিষ্যতের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান ফকির মাহবুব আনামের
- আপডেট সময় : ০১:৫৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ২১ বার পড়া হয়েছে

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP)-এর ৮২তম অধিবেশনে বাংলাদেশ শক্তিশালী আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছে। অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
মন্ত্রী তার বক্তব্যে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং অনিশ্চয়তা মোকাবিলায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পারস্পরিক অংশীদারিত্ব এবং সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
ফকির মাহবুব আনাম বাংলাদেশের অভ্যন্তরীণ অগ্রগতির দিকগুলো তুলে ধরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা, বিনিয়োগ আকর্ষণ এবং উদ্ভাবনকে উৎসাহিত করার ওপর সরকারের অগ্রাধিকার তুলে ধরেন। একইসঙ্গে তরুণ ও নারীদের জন্য দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা এবং নবায়নযোগ্য জ্বালানিসহ জলবায়ু কর্মকাণ্ডে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হলে সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে।
উল্লেখ্য, এবারের অধিবেশন “Leaving no one behind: advancing a society for all ages in Asia and the Pacific” প্রতিপাদ্যে ২১-২৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে। অধিবেশনটি উদ্বোধন করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী Anutin Charnvirakul।
অধিবেশনে ESCAP-এর নির্বাহী সচিব Armida Salsiah Alisjahbana বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে অগ্রগতি এখনো কাঙ্ক্ষিত মাত্রায় নেই এবং এ জন্য আঞ্চলিক সহযোগিতা, নীতিগত সমন্বয় এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের প্রতি জোর দেন।
এদিকে আজ বুধবার মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং ESCAP-এর নির্বাহী সচিব মিস আর্মিদা সালসিয়াহ আলিসজাহবানার সাথে দ্বি পাক্ষিক বৈঠকে মিলিত হন। দ্বিপাক্ষিক বৈঠক শেষে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং ESCAP-এর নির্বাহী সচিব মিস আর্মিদা সালসিয়াহ আলিসজাহবানা মন্ত্রী ফকির মাহবুব আনাম এর হাতে UNESCAP এর ৮২তম অধিবেশনের প্রকাশনা হস্তান্তর করেন।
মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা জসিম উদ্দিন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
















