মধুপুরের ডাক্তার বেকার হাসপাতাল, জলছত্র হাসপাতাল পরিদর্শনে জেলা প্রশাসক
- আপডেট সময় : ০৮:১৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক মধুপুর উপজেলার বনাঞ্চলঘেরা কাইলাকুড়ি গ্রামে অবস্থিত ডা. এড্রিক বেকার প্রতিষ্ঠিত “ডাক্তার বেকার অর্গানাইজেশন ফর ওয়েল-বিয়িং” পরিদর্শন করেছেন।
শনিবার (৩০ মে ) বেলা ১১ টার দিকে তিনি হাসপাতাল পরিদর্শনে যান।
হাসপাতালে পৌঁছালে কর্মরত আমেরিকান চিকিৎসক দম্পতি ডা. জেসন মরগেনসন ও ডা. মেরিন্ডি জোশ জেলা প্রশাসককে স্বাগত জানান। পরে তাঁরা হাসপাতালের বিভিন্ন বিভাগ, স্বাস্থ্যসেবা কার্যক্রম এবং প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মকাণ্ড সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন।

একই সফরে জেলা প্রশাসক মধুপুরে ফেরার পথে জলছত্রে অবস্থিত বেলজিয়ামের ডেমিয়েন ফাউন্ডেশন পরিচালিত টিটিএলসিপি (টাঙ্গাইল যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ প্রকল্প), যা স্থানীয়ভাবে জলছত্র হাসপাতাল নামে পরিচিত, সেটিও পরিদর্শন করেন। সেখানে চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এরপর তিনি গোবুদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের গড়ে তোলা ঔষধী বাগান পরিদর্শন করেন। বাগানের বিভিন্ন ঔষধি গাছ ও তাদের ব্যবহার সম্পর্কে অবগত হয়ে তিনি উদ্যোগটির প্রশংসা করেন।
এ সময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা মো. জুবায়ের হোসেন জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে মধ্যাহ্নভোজ গ্রহণ করে জেলা প্রশাসক টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেন।




















