বন বিভাগের অভিযানে গাছ কাটা ও বিক্রির অপচেষ্টা নস্যাৎ
- আপডেট সময় : ০৫:৪৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ২১ বার পড়া হয়েছে

বন বিভাগের জমিতে রোপণ করা গাছ অবৈধভাবে বিক্রি ও কাটার একটি অপচেষ্টা রোধ করেছে বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট এলাকার বন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটার কার্যক্রম বন্ধ করে দেন এবং বন বিভাগের জমিতে থাকা গাছগুলোকে সুরক্ষার আওতায় আনেন।
আজ শনিবার (৩০ মে) সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মুরাইদ গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আঃ মতিন মিয়ার নামে প্লটের গাছ তার ছেলে আঃ রশিদ নিজের পৈতৃক সম্পদ মনে করে কাঠ ব্যবসায়ী ইকবাল তালুকদারের কাছে বিক্রি করেন। পরে সেখানে ইকবাল তালুকদারের লোকজন গাছ কাটতে আসলে বন বিভাগ গোপনসূত্রে খবর পেয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে কাটা গাছগুলো জব্দ করেছে।
ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা সাব্বির হোসেন জানান, কিছু ব্যক্তি বন বিভাগের জমিতে লাগানো গাছ নিজেদের মালিকানা দাবি করে বিক্রি ও কাটার উদ্যোগ নেন। বিষয়টি জানতে পেরে বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছেন। সরকারি বনভূমি ও সেখানে রোপণ করা গাছ জাতীয় সম্পদ। এসব সম্পদ রক্ষায় বন বিভাগ নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে। অবৈধভাবে গাছ কাটা, বিক্রি বা বনভূমি দখলের চেষ্টা করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং কাগজপত্র অনুযায়ী উক্ত জমির মালিক আঃ রশিদের পরিবার হলে তদন্ত পূর্বক তাকে জব্দকৃত গাছ ফেরত ও গাছ বিক্রির অনুমোদন দেওয়া হবে।
এদিকে বন বিভাগের এ পদক্ষেপে পরিবেশ সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে। তাদের মতে, বনভূমি ও গাছপালা রক্ষায় এ ধরনের তৎপরতা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় বাসিন্দারাও বন বিভাগের দ্রুত হস্তক্ষেপকে স্বাগত জানিয়েছেন।




















