বিশ্ব রক্তদাতা দিবসে মধুপুরে ব্লাড গ্রুপ সোসাইটির শোভাযাত্রা
- আপডেট সময় : ০৮:০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে শোভাযাত্রা ও সৌজন্য সাক্ষাৎ কর্মসূচি পালন করেছে হৃদয়ে মধুপুর ব্লাড গ্রুপ সোসাইটি। এ উপলক্ষ্যে বিভিন্ন রক্তদাতা সংগঠনের স্বেচ্ছাসেবী ও রক্তযোদ্ধারা অংশ নেন।
রোববার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বাসস্ট্যান্ডের আনারস চত্ত্বর এলাকায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারী রক্তযোদ্ধারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরেন।
বিশ্ব রক্তদাতা দিবস প্রতি বছর ১৪ জুন পালন করা হয়। ১৮৬৮ সালের এই দিনে জন্মগ্রহণ করেন নোবেলজয়ী জীববিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার, যিনি মানবদেহের এ, বি, ও রক্তের গ্রুপ আবিষ্কার করেন। এ গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য তিনি ১৯৩০ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। তাঁর অবদানকে স্মরণ ও সম্মান জানাতে ২০০৪ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।
এ বছরের বিশ্ব রক্তদাতা দিবসের প্রতিপাদ্য “One Drop of Humanity. Give Blood. Save Lives.” যার বাংলা ভাবার্থ— “মানবতার এক ফোঁটা, রক্ত দিন—জীবন বাঁচান।”
কর্মসূচিতে হৃদয়ে মধুপুর ব্লাড গ্রুপ সোসাইটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন রক্তদাতা সংগঠনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রাসেল কবীর ও সোহান তালুকদার, সভাপতি খাইরুল ইসলাম সুমন,সদস্য সোহাগ হাসান, শামীম হাসান, জাহাঙ্গীর আলম শুভ, বিশাল চৌহান, হাসান, রাফি, সোহান, মো. সিয়াম ও নাহিদ।
বক্তারা বলেন, স্বেচ্ছায় ও নিয়মিত রক্তদান মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তারা।


















