মধুপুর ফিল্ম ক্লাবের আয়োজনে রিলস প্রদর্শনী, সম্মাননা প্রদান ও পরিচিতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:২২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে “মধুপুর ফিল্ম ক্লাবের” আয়োজনে রিলস প্রদর্শনী, সম্মাননা প্রদান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মে) বিকেলে মধুপুর ক্লাব মিলনায়তনে উৎসব অরিজিনাল-এর পৃষ্ঠপোষকতায় উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মধুপুর ফিল্ম ক্লাবের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরে সদস্য ও অতিথিদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা চলচ্চিত্র ও সংস্কৃতিচর্চার বিকাশে মধুপুর ফিল্ম ক্লাবের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল “রিলস উৎসব”। এতে বিভিন্ন কনটেন্ট নির্মাতার সৃজনশীল রিলস প্রদর্শন করা হয়। রিলসগুলোতে বর্তমান সমাজের নানা বাস্তব চিত্র তুলে ধরা হয়। বিশেষ করে মা হারানোর বেদনা, সড়ক দুর্ঘটনা, দাম্পত্য কলহ, ঘুষ এবং স্থানীয়ভাবে নির্যাতনের মতো বিষয়গুলো দর্শকদের আবেগাপ্লুত করে।
রিলস উৎসবে জমা পড়া ভিডিওগুলো বিচারক প্যানেল সৃজনশীলতা, বিষয়বস্তুর উপস্থাপন ও সামগ্রিক মানের ভিত্তিতে নিরপেক্ষভাবে মূল্যায়ন করেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক ও অভিনেতা হাসনাত জুবায়ের, অভিনেত্রী সূচনা শিকদার এবং চলচ্চিত্র পরিচালক শামীম হাসান।
বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে শরীফ উদ্দিন, রুবেল প্লাস, মুন্না ও সুরভী আক্তারকে নির্বাচিত করা হয় এবং তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
চলচ্চিত্র পরিচালক সবুজ খানের সভাপতিত্বে এবং জয়নাল আবেদীনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মোতালিব, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন তরফদার এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্নাসহ আরও অনেকে।
এ সময় এম রতন হায়দার বলেন, তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন সময়োপযোগী। তিনি তার বক্তব্যে টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) আসনের নির্বাচিত সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের চাচা প্রয়াত সঙ্গীতজ্ঞ লোকমান হোসেন ফকিরের অবদানের কথা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরেন। লোকমান হোসেন ফকির ছিলেন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার, সুরকার এবং শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, মধুপুর ফিল্ম ক্লাব ভবিষ্যতে চলচ্চিত্র প্রদর্শনী, কর্মশালা, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে এলাকার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চলচ্চিত্র পরিচালক শামীম হাসান ও অভিনেত্রী সূচনা শিকদার। এ সময় ক্লাবের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং চলচ্চিত্রপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।











